দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৫:৫৮

থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লি আসার পথে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির (টার্বুলেন্স) কবলে পড়েছে একটি বিমান। এতে আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন যাত্রীরা এবং অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্প সময়ের টার্বুলেন্সের কারণে বিমানের উচ্চতায় অস্বাভাবিক পরিবর্তন ঘটে। ফ্লাইটে ছিলেন ১৩৪ জন যাত্রী। বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণ করেছে। যাত্রী ও ক্রুরা নিরাপদে নামতে পেরেছেন।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত কেউ গুরুতর আহত হননি। কয়েকজন যাত্রী ও ক্রু সামান্য আঘাত পেয়েছেন। তাঁদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়েছে সংস্থার উদ্ধার ও চিকিৎসা দল। বিমানটিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

অবতরণের পর এক যাত্রী বলেন, ‘বিমানের উচ্চতা হঠাৎ কমে যাওয়ায় আমার মাথা ছাদে আঘাত করে। তারপর আসন থেকে ছিটকে নিচে পড়ে যাই।’ কয়েকজনের শরীর ও মাথায় সামান্য আঘাত লেগেছে।

এয়ার ইন্ডিয়া বলছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তাই তাদের প্রধান অগ্রাধিকার। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। একইসঙ্গে তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে।

ইত্তেফাক/এবিএস