জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষের জেরে ক্যাম্পাসছাড়া শিবির

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৬:৪৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রবেশকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু), ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর ছাত্রশিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাস ত্যাগ করেন। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পর ন্যাশনাল মেডিকেল কলেজের সামনেও হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে জকসুর সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ, কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ আল ফারুক, বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির সভাপতি শাহীন মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস শেখসহ কয়েকজন আহত হন। অন্যদিকে ছাত্রদলেরও কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আহতদের কয়েকজনকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে একটি সেমিনারের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান মামুন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন উপস্থিত ছিলেন।

সেমিনার চলাকালে জকসুর নেতাকর্মীরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত শেষ করা, অস্থায়ী হল নির্মাণ, মেডিক্যাল সেন্টারে পর্যাপ্ত ল্যাব সুবিধা এবং চিকিৎসক ও টেকনিশিয়ান নিয়োগসহ বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে মিলনায়তনে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

সেমিনার শেষে শহীদ মিনার এলাকায় আবারও ছাত্রদল ও জকসু-জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের কয়েকজন আহত হন।

পরে আহতদের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, হাসপাতালের সামনে অবস্থান নেওয়া ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর ছাত্রদল হামলা চালায়। এতে ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মী আহত হন।

তবে অভিযোগ অস্বীকার করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আয়োজিত অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যানকে অপমান করার উদ্দেশ্যে ছাত্রশিবির ও তাদের সহযোগী সংগঠন প্রস্তুতি নিয়েছিল। তাদের সরে যেতে বলা হলেও তারা না সরায় একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদলেরও অনেক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

অন্যদিকে জাতীয় ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহীন মিয়া অভিযোগ করেন, সেমিনার শেষে শহীদ মিনারের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান।

সংঘর্ষের পর ছাত্রশিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাস ত্যাগ করেন। ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে।

 
ইত্তেফাক/এসএ