হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ১৯

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৯:১১

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯ শিশু।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৭৫৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৬ শিশু। ফলে এ সময়ে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১২৩ শিশু। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৮৯৬ জন। সব মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৯।

এ সময়ে নতুন করে ৮৬৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৯৯৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৯৪৬। এর মধ্যে পরীক্ষায় ১৬ হাজার ৫৩১ জনের হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে মোট ১ লাখ ১৪ হাজার ৩৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ১০ হাজার ১৮৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

ইত্তেফাক/এমএএম