বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে সৌদি আরবকে সৌরবিদ্যুৎসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে তার কার্যালয়ে সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষই একমত পোষণ করে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির বৈঠকের বিস্তারিত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন জ্বালানির প্রসার ঘটাতে বাংলাদেশ সরকারের ব্যাপক কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি বলেন, সৌরবিদ্যুৎ খাতে সৌদি কোম্পানিগুলোর বিনিয়োগ দুই দেশের জন্যই অত্যন্ত লাভজনক হবে। বর্তমান সরকারের লক্ষ্য সৌদি আরবের সঙ্গে একটি কৌশলগত, বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলা, যা পারস্পরিক আস্থা ও দীর্ঘদিনের বন্ধুত্বের ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।
বৈঠকে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি মন্তব্য করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য একটি অত্যন্ত ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক আরও জোরদারে সৌদি আরব আন্তরিকভাবে আগ্রহী। তিনি সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানেরও প্রশংসা করেন।
সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরব বাংলাদেশে প্রক্রিয়াজাত খাদ্য, সি-ফুড, ট্রপিক্যাল ফুড, কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ সম্প্রসারণ করতে চায়।
এ ছাড়া জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী এই আমন্ত্রণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে সুবিধাজনক সময়ে দেশটিতে সফরের আশাবাদ ব্যক্ত করেন।
সৌদি প্রতিনিধিদলে উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল সুলাইমান বিন আবদুল আজিজ আল-ইয়াহইয়া, কনস্যুলার–বিষয়ক উপমন্ত্রী মোহাম্মদ আল-শাম্মারি, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন উপমন্ত্রী মুহান্নাদ বিন আহমেদ আল-ইসা এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন আবিয়াহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

