ঢাকা ইউনিভার্সিটি রাইটার্স' হাবের আয়োজনে এবং মেন্টরস'-এর টাইটেল স্পনসরশিপে দুই দিনব্যাপী ‘স্ক্রিপ্টোরিয়া ন্যাশনাল লিটারারি ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ও ২৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ উৎসবে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখক, গবেষক ও গল্পকাররা অংশ নেন।
আয়োজকদের মতে, সাহিত্যচর্চা, গবেষণা ও সৃজনশীল লেখালেখিতে তরুণদের উৎসাহিত করার লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে প্রবন্ধ, ছোটগল্প ও গবেষণা প্রস্তাবনা—এই তিন বিভাগে মোট ৫০ হাজার টাকার পুরস্কার প্রদান করা হয়।
উৎসবের উদ্বোধন হয় ২৮ জুলাই সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে। প্রথম দিনের অন্যতম আকর্ষণ ছিল ‘সমাজের প্রতিফলন হিসেবে সাহিত্য: আয়না, সমালোচনা নাকি পরিবর্তনের অনুঘটক?’ শীর্ষক প্যানেল আলোচনা। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সানজিদা হোসেন, ইউনেস্কো ঢাকা অফিসের সংস্কৃতি বিভাগের প্রধান ও লেখক কিজি তাহনিন, কথাসাহিত্যিক কিংকর আহসান এবং দ্য ডেইলি স্টার-এর সাব-এডিটর ও লেখক রবিউল কামাল।
এছাড়া ‘বাংলাদেশে একাডেমিক গবেষণা সংস্কৃতি কেন বিকশিত হচ্ছে না?’ শীর্ষক আরেকটি প্যানেল আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. হাসিনা শেখ, অধ্যাপক ড. সাবের আহমেদ চৌধুরী, সহকারী অধ্যাপক রাইহান সোবহান এবং গবেষক শাহেদুল হাসান। আলোচনায় গবেষণার পরিবেশ, মৌলিক চিন্তার বিকাশ এবং গবেষণাবান্ধব সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রথম দিনের শেষ পর্বে গবেষণা প্রস্তাবনা বিভাগে নির্বাচিত ১০ প্রতিযোগী বিচারক প্যানেলের সামনে তাদের গবেষণা উপস্থাপন করেন।
দ্বিতীয় দিন টিএসসি গ্রিন ফিল্ডে কার্নিভালের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী লাইভ আর্ট, ফেস পেইন্টিং, ফটোবুথ ও বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ আয়োজন দর্শনার্থীদের আকৃষ্ট করে।
বিকেলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমুজাদ্দেদ আলফাসানে। বিশেষ অতিথি ছিলেন হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা মো. এমদাদুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. আলামিন।
প্রবন্ধ রচনা বিভাগে প্রথম হন নাজিফা আসুম নিতু, দ্বিতীয় হামিম আহাম্মেদ এবং তৃতীয় মাহামুদ খালিদ। ছোটগল্প বিভাগে প্রথম নুরহাত শিফাত অবনী, দ্বিতীয় ওয়ামিয়া ওয়াজেদ এবং তৃতীয় তাবাসসুম আহমেদ ঊষা। গবেষণা প্রস্তাবনা বিভাগে প্রথম স্থান অর্জন করেন মাইশা বিনতে কবির, মাহফুজা ওসমানী শ্রেষ্ঠা ও প্রাপ্তি রহমানের দল। দ্বিতীয় হন এরিনা আক্তার ইমা ও মো. গোলাম মোবাশ্বির রাফি এবং তৃতীয় হন মো. আশিফুজ্জামান অনিক।
দুই দিনের এ সাহিত্য উৎসবের সমাপ্তি হয় ব্যান্ড ‘রেডওয়াইন’-এর সংগীত পরিবেশনার মধ্য দিয়ে।

