হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১৭:৫৮

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৯৫৯ জন।

বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত স্বাস্থ্যবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ৪ আগস্ট সকাল ৮টা থেকে ৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এ হিসাব করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া পাঁচ শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা। তবে এ সময় পরীক্ষায় কারও মৃত্যু হামজনিত বলে নিশ্চিত হওয়া যায়নি।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম উপসর্গে মোট ৭৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে মারা গেছেন ৯৬ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৫৫ জন। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩২ হাজার ৯০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১১ হাজার ৫ জন।

ইত্তেফাক/এসজে