পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১৮:২৫

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার পদত্যাগ নিয়ে চলমান গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। বুধবার (৫ আগস্ট) তিনি জানিয়েছেন, তিনি এখনও দায়িত্বে আছেন এবং স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় কাজকর্ম চালিয়ে যাচ্ছেন।

পেজেশকিয়ান বলেন, তার সরকারের সঙ্গে ইসলামি বিপ্লবের নেতৃত্বের মধ্যে কোনো মতবিরোধ আছে বলে যেসব দাবি করা হচ্ছে, সেগুলোও প্রত্যাখ্যান করেছেন।

ইরানের সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদন অনুসারে, প্রশাসনের দুই বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, তার সরকার দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে পূর্ণ সমন্বয় রেখেই কাজ করছে।

সাক্ষাৎকার সম্প্রচারের আগেই এর কিছু অংশ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) প্রকাশ করে। সেখানে প্রেসিডেন্ট বলেন, আমরা সামরিক বাহিনীর সঙ্গে সম্পূর্ণ সমন্বয় বজায় রেখে কাজ করছি।

পদত্যাগের গুজব প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, এসব পুরোপুরি গুজব। আমি যদি কখনো পদত্যাগের সিদ্ধান্ত নিই, সেটা আমি নিজেই জনগণকে জানাব। কিন্তু আমি পদত্যাগ করছি না এবং নিজের দায়িত্বে অটল থাকব।

পেজেশকিয়ান আরও অভিযোগ করেন, একটি মহল তার প্রশাসন ও ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মধ্যে বিভেদ আছে—এমন ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।

সম্প্রতি তার পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ার পরই তিনি এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেন।

এর আগে প্রেসিডেন্টের দপ্তরের তথ্য ও জনসংযোগবিষয়ক উপপরিচালক মোহাম্মদ মাহদি তাবাতাবায়ীও এসব খবরকে ‘ভিত্তিহীন’ ও ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক কট্টরপন্থি কিছু গোষ্ঠী জাতীয় ঐক্য দুর্বল করার উদ্দেশ্যে এবং ইরানের শত্রুদের স্বার্থে এ ধরনের গুজব ছড়াচ্ছে।

ইত্তেফাক/এবিএস