কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পদ্মায় তলিয়ে নূরিয়া খাতুন (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। এ সময় উদ্ধার জামিলা খাতুন (৮) নামে আরও এক শিশুকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ নূরিয়া খাতুন জুনিয়াদহ গ্রামের আশিক শেখের মেয়ে।
স্থানীয়রা জানান, দৌলতপুরের ভূরকাপাড়া এলাকায় পদ্মা নদীর ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কাজ চলছিল। এ সময় নূরিয়া ও জামিলা জিও ব্যাগের ওপর বসে খেলছিল। হঠাৎ নদীর পাড় ধসে জিও ব্যাগসহ দুই শিশু পদ্মায় পড়ে যায়। জামিলা নিজেই কোনোমতে নদী থেকে ওপরে উঠে আসতে সক্ষম হলেও নূরিয়া প্রবল স্রোতে তলিয়ে যায়।
পরে জামিলা কান্নাকাটি করতে করতে স্থানীয়দের ঘটনাটি জানায়। খবর পেয়ে এলাকাবাসী দ্রুত নদীর আশপাশে খোঁজাখুঁজি শুরু করলেও আজ বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত নূরিয়ার কোনো সন্ধান মেলেনি।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে নৌ-পুলিশের একটি দল, ফায়ার সার্ভিস এবং থানা পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। পদ্মায় তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, পদ্মার পাড় ধসে দুই শিশু নদীতে পড়ে যায়। এর মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও নূরিয়া খাতুন এখনও নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে দৌলতপুর থানা পুলিশের পাশাপাশি ভেড়ামারা ফায়ার সার্ভিস ও ঈশ্বরদী নৌ-পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করছে।
ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, শিশু নিখোঁজের খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে কাজ করছে। নদীতে প্রবল স্রোত থাকায় শিশুটি ভেসে অন্যত্র চলে যেতে পারে। তবুও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

