জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. নূর মোহাম্মদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার মাথা ফেটে গেছে।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে এ ঘটনা ঘটে। হামলার জন্য সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছেন ভুক্তভোগীরা।
ঘটনাস্থলে থাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ইনকিলাব মঞ্চের সদস্য রাকিব শিকদার জানান, গতকালের হামলায় আহত এক সদস্যকে দেখতে তার বাসায় যাওয়ার উদ্দেশে ইনকিলাব মঞ্চের কয়েকজন সদস্য সোহরাওয়ার্দী কলেজের সামনে অপেক্ষা করছিলেন। এ সময় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে ২০-২৫ জন তাদের ঘিরে ধরেন। এরপর অজ্ঞাত কাউকে ভিডিও কল দিয়ে নূর মোহাম্মদের পরিচয় নিশ্চিত হয়ে তাদের বেধড়ক পেটায় হামলাকারীরা।
হামলায় নূর মোহাম্মদ ছাড়াও ইনকিলাব মঞ্চের সদস্য ইসমাইল হোসেন তানিম, রাকিব শিকদার ও আলফাজ আহত হন। আহত নূর মোহাম্মদ ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন।
ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্যসচিব ও ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নূর মোহাম্মদের ওপর হামলা করেছে ছাত্রদল।’
ঘটনার বিচার দাবি করে জকসুর সাধারণ সম্পাদক আবদুল আলিম ফেসবুকে লেখেন, ‘ছাত্রদল কি এখন গুন্ডা পোষা শুরু করেছে? সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কর্মীরা জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদসহ নারী শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।’
আবদুল আলিম আরও লেখেন, ‘প্রশাসনকে বলব হামলাকারীদের এখনই বিচারের আওতায় আনুন। নইলে আজ যারা অন্যের ওপর হামলা করছে, কাল তারাই আপনার ওপরও হামলা করবে।’
হামলার অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের একাধিক নেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

