আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১৪:২৮

দিল্লিতে ককরোচ জনতা পার্টির নেতৃত্বাধীন আন্দোলন সমাপ্ত হওয়ার পর এবার ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ ভারতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। 

ছাত্র নেতা দেবেন্দ্র নাথ মাহাতোর নেতৃত্বে বুধবার (২৯ জুলাই) থেকে রাঁচির জয়পাল সিং স্টেডিয়ামে বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী অবস্থান কর্মসূচি পালন করছেন। 

আন্দোলনকারীরা ১৪তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) সিভিল সার্ভিস এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের (জেএসএসসি-সিজিএল) মতো প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে প্রশ্নফাঁস ও ৫০ লাখ থেকে ১ কোটি রুপিতে আসন বিক্রির গুরুতর অভিযোগ তুলেছেন।

বিক্ষোভকারীরা অবিলম্বে ১৪তম জেপিএসসি পরীক্ষা বাতিল এবং সিবিআই অথবা রাজ্য বাইরের হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারকদের দ্বারা স্বাধীন তদন্তের দাবি জানাচ্ছেন। বারংবার আবেদনের পরও সরকার কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা আমরণ অনশনের মতো চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে জানান। এর ফলে আগামী ২৫ থেকে ২৭ জুলাই নির্ধারিত জেপিএসসি প্রধান পরীক্ষাটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে।

দিল্লির জন্তর মন্তরে আয়োজিত ছাত্র আন্দোলনটি মূলত দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ তরুণ শিক্ষার্থীদের নিয়ে গঠিত নিট পরীক্ষার দুর্নীতি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কেন্দ্র করে গড়ে উঠেছিল, যা ইতোমধ্যে তার পদত্যাগের মাধ্যমে উদযাপিত হয়েছে। অন্যদিকে রাঁচির আন্দোলনটিতে বেশিরভাগ অংশগ্রহণকারী হলেন ২৫ বছরের বেশি বয়সী জ্যেষ্ঠ চাকরিপ্রার্থী শিক্ষার্থী।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় জানান যে প্রশ্নফাঁস সমস্যাটি একটি জাতীয় সংকট এবং তার সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি নিশ্চিত করেন যে তদন্ত সংস্থাগুলো সার্বক্ষণিক কাজ করছে এবং অপরাধীদের জেলে পাঠানো হচ্ছে।

মুখ্যমন্ত্রী শিক্ষার্থীদের প্রস্তাব ও দাবি নিয়ে আলোচনার জন্য একটি পাঁচ সদস্যের প্রতিনিধি দলকে তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। ইতোপূর্বে রাঁচির সাব-ডিভিশনাল অফিসার কুমার রজত ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ধনঞ্জয় কুমার আন্দোলনস্থলে গিয়ে শিক্ষার্থীদের এই আমন্ত্রণের কথা পৌঁছে দেন।

সূত্র: এনডিটিভি

ইত্তেফাক/টিএইচ