আলভারেজকে পেতে ১১৫ মিলিয়ন খরচ করতে রাজি বার্সা!   

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১৭:১৭

নতুন মৌসুমের আগে আক্রমণভাগ শক্তিশালী করতে মরিয়া বার্সেলোনা। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির সবচেয়ে বড় টার্গেট আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। অ্যাতলেতিকো মাদ্রিদের এই স্ট্রাইকারকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের পরিবর্তে এবার সেটা ১১৫ মিলিয়ন ইউরো পর্যন্ত বাড়ানোর কথা ভাবছে কাতালান জায়ান্টরা। 

যদিও গেল এক বছর ধরে আলভারেজের ভবিষ্যৎ নিয়ে জোর গুঞ্জন থাকলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছে, চলতি সপ্তাহেই আলভারেজের এজেন্টরা বার্সেলোনায় এসে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে সম্ভাব্য দলবদলের পথ খুঁজে বের করার চেষ্টা হবে।

এর আগে বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে প্রায় ১০০ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব দিয়েছিল। তবে আলোচনায় গতি আনতে সেই প্রস্তাব ১১৫ মিলিয়ন ইউরোতে করার পরিকল্পনা করছে ক্লাবটি। যদিও প্রকাশ্যে বার্সেলোনা দাবি করছে, এই মুহূর্তে তারা প্রস্তাব বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি। যদিও বার্সার তরফ থেকে জানানো হয়েছে, অ্যাতলেতিকো মাদ্রিদ আলোচনায় রাজি হলেই কেবল নতুন প্রস্তাব বিবেচনা করা হবে। 

কিন্তু এখন পর্যন্ত মাদ্রিদের ক্লাবটি কোনো আলোচনায় আগ্রহ দেখায়নি। তাদের অবস্থান একেবারেই অনড়। আগ্রহী যে কোনো ক্লাবকে তারা শুধু আলভারেজের ৫০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজের কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। এই কঠোর অবস্থানের কারণেই বার্সেলোনার পরিকল্পনা বারবার বাধার মুখে পড়ছে।

ইত্তেফাক/জেডএইচ