‘মানুষ তোমাকে নিয়ে হিংসা করবে, এটাই স্বাভাবিক’— জর্জিনাকে রোনালদো

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১৮:৩৩

বডি শেমিংয়ের শিকার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের পাশে দাঁড়ালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ সময় নিজের প্রেমিকাকে বিশ্বের সেরা মানুষ হিসেবে উল্লেখ করেছেন এই পর্তুগিজ সুপারস্টার।  

ঘটনার সূত্রপাত ব্রাজিলের সাংবাদিক মার্সিয়া গোল্ডস্মিথের একটি ভাইরাল ইনস্টাগ্রাম রিলকে কেন্দ্র করে। ভিডিওটিতে মার্সিয়া জর্জিনার শারীরিক গঠন নিয়ে অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান। তিনি জানান, নারীদের কখনোই কোনো কাল্পনিক সৌন্দর্যের মাপকাঠিতে বিচার করা উচিত নয়।

ভিডিওটি দ্রুতই ভাইরাল হয়ে যায় এবং কোটি কোটি মানুষের নজর কাড়ে। সেই ভিডিওর মন্তব্য ঘরে গিয়ে সরাসরি প্রেমিকার প্রতি ভালোবাসা ও সমর্থন জানিয়ে রোনালদো লেখেন, ‘আমি বিশ্বের সেরা মানুষটিকে ভালোবাসি।’

পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, ঘরের আলোচনায় রোনালদো জর্জিনাকে আশ্বস্ত করে বলেছেন—এই ধরনের সমালোচনা মূলত হিংসা থেকে আসে। রোনালদোর বার্তা ছিল স্পষ্ট, ‘মানুষ তোমাকে নিয়ে হিংসা করবে, এটাই স্বাভাবিক।’

এর আগে নিজের শারীরিক পরিবর্তন ও বডি ইমেজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ আবেগঘন বার্তা শেয়ার করেছিলেন জর্জিনা নিজেও। ভক্তদের অবাস্তব সৌন্দর্য মানদণ্ডের পেছনে না ছুটে নিজেদের ভালোবাসার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘অন্য সব নারীর মতো আমার শরীরেও পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক। আমি আশা করি বহু বছর ধরে এই পরিবর্তন বজায় থাকবে, কারণ তার মানে দাঁড়াবে আমি এখনও বেঁচে আছি। তাহলে ভুল কোথায়? কে ঠিক করে দেয় 'সঠিক' শরীর কোনটি? আমরা কি এখনও মনে করি আনন্দের কোনো নির্দিষ্ট সাইজ হয়?’

নিজের শারীরিক গঠন নিয়ে গর্ব প্রকাশ করে জর্জিনা আরও লেখেন, ‘আমি আমার শরীরকে ভালোবাসি। যে শরীর আমাকে ধারণ করেছে, নতুন জীবন সৃষ্টির সুযোগ দিয়েছে, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে শিখিয়েছে—সেই শরীর প্রতিটি রূপেই সম্মান ও ভালোবাসার দাবিদার।’

ইত্তেফাক/জেডএইচ