নারায়ণগঞ্জে ৭ অতিরিক্ত ও সহকারী পিপি-জিপির পদত্যাগ

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ২০:০২

নারায়ণগঞ্জে জামায়াতপন্থি সাতজন অতিরিক্ত ও সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং সহকারী গভর্নমেন্ট প্লিডার (এজিপি) পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরের কাছে আইনজীবীরা তাদের পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারী আইনজীবীরা হলেন- সহকারী জিপি অ্যাডভোকেট মাঈনুদ্দিন মিয়া, অতিরিক্ত জিপি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর দেওয়ান, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট গোলাম সারওয়ার, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন, সহকারী পিপি অ্যাডভোকেট মো. মাসুদুর রহমান ও সহকারী পিপি অ্যাডভোকেট আক্তার হোসেন।

এ বিষয়ে অতিরিক্ত জিপি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর দেওয়ান বলেন, নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকে আমরা আমাদের দায়িত্ব শতভাগ সততার সঙ্গে পালন করার চেষ্টা করেছি। বিচার প্রার্থীদের প্রতিকার দেওয়ার জন্য শতভাগ চেষ্টা করেছি। কিন্তু বর্তমান সরকারের কার্যক্রমের সঙ্গে আমরা একমত পোষণ করতে পারছি না।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। কিন্তু তারা সরকারে আসীন হওয়ার পর জুলাইকে ভুলে গেছে। জুলাই সনদ বাস্তবায়ন না করা, স্বাধীন সচিবালয় না করা এবং আইন সচিবালয় ও গুম কমিশন অধ্যাদেশ বাতিল করার কারণে প্রতিবাদ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছি। জেলা ম্যাজিস্ট্রেট আমাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির বলেন, তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। পদত্যাগপত্র গুলো আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে।

ইত্তেফাক/এপি