ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ২২:০২

ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন প্রয়াত গ্যাংস্টার আতিক আহমেদের ছোট ছেলে আবান আহমেদ। বৃহস্পতিবার সকালে ঝাঁসির একটি মহাসড়কে দ্রুতগতিতে চলা তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আবান আহমেদ তার কয়েকজন বন্ধুকে নিয়ে একটি সাদা রঙের ক্রিয়েটা গাড়িতে চড়ে ঝাঁসি কারাগারে বন্দী ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে আছড়ে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান আবান এবং সোনু নামের অপর এক আরোহী। এ ঘটনায় গাড়িতে থাকা অন্য তিনজন গুরুতর আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝাঁসির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) বিবিজিটিএস মূর্তি জানান, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং বর্তমানে আহত তিনজনের চিকিৎসা চলছে।

আবানের এই মর্মান্তিক মৃত্যুর পর গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া আতিক আহমেদের পরিবারের করুণ পরিণতি আবারও সামনে এল। আতিকের মোট পাঁচ ছেলের মধ্যে বড় ছেলে উমর আহমেদ বর্তমানে লখনউ কারাগারে এবং দ্বিতীয় ছেলে আলী আহমেদ ঝাঁসি কারাগারে বন্দী আছেন। তার তৃতীয় ছেলে আসাদ আহমেদ ২০২৩ সালের এপ্রিলে ঝাঁসিতেই উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে এক এনকাউন্টারে নিহত হয়েছিলেন এবং চতুর্থ ছেলে আহজাম আহমেদ বর্তমানে মুক্ত রয়েছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৫ এপ্রিল উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পুলিশি হেফাজতে থাকা সাবেক এমপি আতিক আহমেদ ও তার ভাই আশরাফকে সাংবাদিক পরিচয়ে আসা তিন ব্যক্তি গুলি করে হত্যা করে। হত্যা, অপহরণ ও চাঁদাবাজিসহ শতাধিক অপরাধমূলক মামলার আসামি ছিলেন আতিক আহমেদ। ২০২৩ সালের মার্চে একটি মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।

 

ইত্তেফাক/আরএইচ