রাজধানীতে ৫৭ লাখ টাকার জাল নোটে স্বর্ণ কেনার চেষ্টা, হাতেনাতে ধরা

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৯:২৪

রাজধানীর বনানী সুপার মার্কেটের একটি জুয়েলার্সের দোকানে স্বর্ণালংকার কেনার নামে ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট দেওয়ার অভিযোগে মো. রুবেল আহম্মেদ ফকির (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সাথে থাকা অপর এক সহযোগী পালিয়ে যান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকাল চারটার দিকে বনানী সুপার মার্কেটের একটি জুয়েলার্সের দোকানে দুই ব্যক্তি ক্রেতা পরিচয়ে প্রবেশ করেন। তারা এক আত্মীয়ের বিয়ের জন্য প্রায় ২০ থেকে ২১ ভরি স্বর্ণালংকার কেনার আগ্রহ প্রকাশ করেন। স্বর্ণালংকার পছন্দ করে বিল করার পর মূল্য পরিশোধের জন্য একটি কালো ট্রলি ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করেন।

পুলিশ জানায়, টাকাগুলো দেখে দোকানের কর্মচারীদের সন্দেহ হলে তারা সেগুলো কথিত জাল নোট হিসেবে শনাক্ত করেন। বিষয়টি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন একজনকে আটক করলেও অপর ব্যক্তি পালিয়ে যান।

খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়। পরে তার কাছ থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকার কথিত জাল নোট জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রুবেল আহম্মেদ ফকিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট আটটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে পলাতক সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/এমএসআর