সংবিধান অনুযায়ী তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের সুযোগ না থাকলেও আবারও ২০২৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (৭ আগস্ট) সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে গভীর রাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি নিজের কিছু ছবি শেয়ার করার পাশাপাশি এমন বার্তা তুলে ধরেন তিনি।
শেয়ার করা ছবিগুলোর একটিতে ট্রাম্পকে সামরিক পোশাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিখ্যাত জেনারেল জর্জ প্যাটন এবং ডগলাস ম্যাকআর্থারের পাশে দেখা যায়। এছাড়া অন্য ছবিগুলোতে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন, জর্জ ওয়াশিংটন এবং জন এফ কেনেডির পাশে স্থান পেয়েছেন।
তৃতীয় মেয়াদে দায়িত্ব পালনের আইনগত বাধা স্বীকার করলেও ট্রাম্প ট্রুথ সোশ্যালে ‘ট্রাম্প ২০২৮’ পোস্টার প্রকাশ করেছেন এবং হোয়াইট হাউসের বিভিন্ন অনুষ্ঠানে ওই লেখা সম্বলিত টুপি ব্যবহার করে আসছিলেন।
ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প উল্লেখ করেন যে ‘আমি দায়িত্ব ছাড়ার সময় চিপ ব্যবসার একটি বড় অংশ আমাদের হাতে থাকবে, যা হতে অনেক সময় লাগতে পারে। কে জানে? তবে এটি দুই-ছাড়াই বছরের মধ্যে দ্রুতও হতে পারে।’
একই সময়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ২০২৮ সালের সম্ভাব্য প্রচারণা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান যে এখনই কাউকে সমর্থন দেওয়া বেশ প্রাথমিক হয়ে যাবে। যদিও গুঞ্জন রয়েছে যে তিনি ব্যক্তিগতভাবে ভ্যান্সকে পছন্দ করেন।
প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন সংবিধানের সীমাবদ্ধতার কথা উল্লেখ করলেও সাবেক ট্রাম্প উপদেষ্টা স্টিভ ব্যানন দাবি করেছেন যে ট্রাম্পকে ২০২৮ সালে ক্ষমতায় রাখার একটি পরিকল্পনা রয়েছে।
ট্রাম্পের এই ধরণের পদক্ষেপ, গণমাধ্যমের ওপর কড়াকড়ি এবং সরকারি ভবনে নিজের বড় ব্যানার টাঙানোর বিষয়গুলোকে তাঁর সমালোচকরা কর্তৃত্ববাদী আচরণের বহিপ্রকাশ হিসেবে দেখছেন। পুরো বিষয়ে মন্তব্যের জন্য দ্য ইন্ডিপেনডেন্ট হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।
সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

