মেসির সম্ভাব্য অবসর নিয়ে কথা বললেন আর্জেন্টাইন ফুটবল প্রধান

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১৪:২৯

বিশ্বকাপ শেষ হওয়ার পর লিওনেল মেসির সম্ভাব্য অবসর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ পরিস্থিতিতে এনিয়ে মুখ খুলেছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া।

টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তাপিয়া বলেন, জাতীয় দলে খেলা চালিয়ে যাবেন কি না, সেটি সম্পূর্ণ মেসির ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে তাকে কোনো চাপ না দিয়ে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া উচিত।

তাপিয়া বলেছেন, ‘এটা (অবসর) একেবারে তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তাকে আমাদের একা ছেড়ে দেওয়া উচিত। ২০২২ সালেও আমরা জানতাম না সে ২০২৬ বিশ্বকাপে খেলবে কি না। তাকে ফুটবল খেলা উপভোগ করতে দেওয়া উচিত আমাদের। তারপর তাকেই তার মতো করে সঠিক সিদ্ধান্ত নিতে দিন।’ 

তাপিয়ার মতে, এবারের বিশ্বকাপে মেসি নিজের সেরা সংস্করণ না দেখালেও দলের অন্যতম বড় শক্তি ছিলেন। তিনি বলেন, ‘সে বলেছিল একটা করে ম্যাচ ধরে ধরে এগোবে। আমি মনে করি বিশ্বকাপে আমরা লিওর সেরা না দেখলেও দুর্দান্ত সংস্করণ দেখেছি।’

পুরো টুর্নামেন্টে মেসি ছিলেন আর্জেন্টিনার আক্রমণের মূল ভরসা। আটটি গোল করার পাশাপাশি চারটি অ্যাসিস্টও করেন তিনি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পাশাপাশি সুইজারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষেও গুরুত্বপূর্ণ অবদান রেখে দলকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন।

মেসির পারফরম্যান্সের প্রশংসা করে তাপিয়া বলেন, ‘লিওর জন্য এটা ছিল দারুণ একটি বিশ্বকাপ। আমরা অনেক উপভোগ করেছি এটা। আমাদের গর্ব করা উচিত। প্রতিটি মুহূর্ত আমি উদযাপন করেছিলাম। নিঃসন্দেহে বিশ্বকাপে সে এই গ্রুপের অগ্রপথিক ছিল। তার বিশ্বকাপ পারফরম্যান্স বিশ্লেষণ করলে, আমার জন্য সে ছিল সেরা খেলোয়াড়। ম্যাচের পর ম্যাচ রেকর্ড ভেঙেছে।’

বিশ্বকাপের স্মৃতিচারণ করতে গিয়ে এএফএ সভাপতি আরও বলেন ‘প্রতিটি ম্যাচের পরের প্রতিটি আলিঙ্গন’ তিনি সযত্নে লালন করবেন। তিনি বলেন, ‘খেলার পর যখনই আমাদের দেখা হতো, সেই মুহূর্তগুলোই ছিল আসল। আমাদের মধ্যকার এই স্নেহ ও সম্পর্ক আমি ধরে রাখব।’ 

ইত্তেফাক/এসজেএস