শত্রুপক্ষের মিডিয়ার প্রতিবেদন

মোজতবা খামেনির অবস্থা নিয়ে ধোঁয়াশা, হতে পারে গুরুতর শরীরিক বিকৃতি

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১৫:৫২

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর থেকে দেশটির মন্ত্রিসভার কোনো সদস্যের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেননি বলে দাবি করেছে বিরোধীপন্থি সংবাদমাধ্যম ইরানওয়্যার। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রশাসনের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে প্রকাশিত এ তথ্য উদ্ধৃত করেছে ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।

প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে ইরানের ক্ষমতাসীন মহলে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, তিনি গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন এবং তার জীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

একটি সূত্রের ভাষ্য, মোজতবা খামেনির মৃত্যুর খবর এলে তা তাদের জন্য অপ্রত্যাশিত হবে না।

প্রতিবেদন অনুযায়ী, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর দায়িত্ব গ্রহণ করলেও মোজতবা খামেনি এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি। রাষ্ট্রীয় গণমাধ্যমেও তার কোনো অডিও বা ভিডিও বক্তব্য প্রচার করা হয়নি। তবে তার নামে লিখিত বিবৃতি প্রকাশ করা হয়েছে।

ইরানওয়্যারের দাবি, যে হামলায় আলি খামেনি নিহত হন, সেই হামলায় মোজতবা খামেনিও আহত হন। ওই আঘাতের কারণে তার শরীরে স্থায়ী বিকৃতি দেখা দিতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে তিনি আত্মগোপনে রয়েছেন এবং সম্ভাব্য হামলার ঝুঁকি এড়াতে বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে বলেন, বর্তমান পরিস্থিতিতে মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগ করা অত্যন্ত কঠিন। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করেননি।

তবে ইরানওয়্যারের এসব দাবি ইরানের সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে স্বাধীনভাবে নিশ্চিত করা হয়নি।

 

 
ইত্তেফাক/এসএ