ছাত্রদের আহ্বানেই এক দফার পথে আন্দোলন: রাশেদ খাঁন

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১৬:৫৩

২০২৪ সালের ৫ আগস্ট ঘোষিত ‘এক দফা’ আন্দোলনের পেছনের প্রেক্ষাপট তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি দাবি করেছেন, জুলাই আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আহ্বানেই বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছিল এবং সেখান থেকেই সরকার পতনের ‘এক দফা’ দাবির ভিত্তি তৈরি হয়।

শুক্রবার (৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব কথা বলেন।

পোস্টে তিনি লেখেন, জুলাইয়ের গণহত্যার তৃতীয় দিন ১৮ জুলাই অসংখ্য মানুষ নিহত হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আহনাফ সাঈদ খান তাকে ফোন করেন। তখন আহনাফ বলেন, বিএনপিসহ সব রাজনৈতিক দলকে মাঠে নামতে বলতে হবে এবং আন্দোলনকে সরকার পতনের দিকে নিতে হবে। কারণ, এত প্রাণহানির পর আর কেবল কোটা সংস্কারের আন্দোলন চালিয়ে যাওয়া সম্ভব নয়।

রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, এর আগে আন্দোলন চলাকালে তিনি ছাত্রনেতা আসিফ মাহমুদকে জানিয়েছিলেন যে, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পূর্ণ সমর্থন রয়েছে এবং প্রয়োজন হলে রাজনৈতিক সহযোগিতার ব্যবস্থা করতে পারবেন। জবাবে আসিফ মাহমুদ তাকে জানান, নিরাপত্তাজনিত কারণে সব সময় যোগাযোগ সম্ভব হবে না, তাই এ বিষয়ে আহনাফ সাঈদ খান যোগাযোগ রাখবেন।

তিনি আরও বলেন, পরে আহনাফ সাঈদ খানের সঙ্গে কথা বলে নিশ্চিত হন যে, সরকার পতনের দাবিটি কেবল ব্যক্তিগত মত নয়, বরং ছাত্রনেতাদের সম্মিলিত অবস্থান। তখন তিনি আহনাফকে বলেন, সেক্ষেত্রে আন্দোলনকে ‘এক দফা’র দিকে যেতে হবে। জবাবে আহনাফ জানান, এত হত্যাকাণ্ডের পর শেখ হাসিনার পতনই একমাত্র দাবি এবং শিগগিরই ‘এক দফা’র ঘোষণা আসবে।

রাশেদ খাঁন দাবি করেন, বিষয়টি তিনি তখনকার বিএনপি নেতা ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে অবহিত করেন। সালাউদ্দিন আহমেদও তাকে বলেন, এত প্রাণহানির পর কোটা সংস্কারের আন্দোলন আর আগের অবস্থায় থাকতে পারে না। ছাত্ররা যদি ‘এক দফা’ ঘোষণা দেয়, তাহলে বিএনপি সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে অংশ নেবে।

ফেসবুক পোস্টে তিনি আরও দাবি করেন, পরে সালাউদ্দিন আহমেদ বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করে সরকার পতনের আন্দোলনের প্রয়োজনীয় প্রস্তুতি নেন।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন লেখেন, জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে রাজনৈতিক সমন্বয় ছাত্রনেতাদের আহ্বানেই বিএনপি করেছে। ইতিহাস মেনে নিতে কষ্ট হলেও, এটিই জুলাই আন্দোলনের নেপথ্যের বাস্তবতা বলে তিনি দাবি করেন।

 
ইত্তেফাক/এমএএম