‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১৭:৪৭

রাজধানীর খিলগাঁওয়ের পশ্চিম নন্দীপাড়ায় ব্যবসায়ী খোরশেদ আলম সোহেলের ওপর পূর্বপরিকল্পিত হামলার অভিযোগ তুলে ঘটনার নিরপেক্ষ তদন্ত, সিসিটিভি ফুটেজ সংরক্ষণ, বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার স্ত্রী ও সাংবাদিক তারিন আক্তার।

শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

লিখিত বক্তব্যে তারিন আক্তার বলেন, গত ২৬ জুলাই সকাল ১১টার দিকে খিলগাঁওয়ের পশ্চিম নন্দীপাড়ায় বাসার সামনে অবস্থানকালে তার স্বামী খোরশেদ আলম সোহেলের ওপর সংঘবদ্ধভাবে হামলা চালানো হয়। তার অভিযোগ, স্থানীয় রতন, খোকন, মাসুম, কাউসার, হাবিব, রাফিসহ কয়েকজন লোহার রড, পাইপ, ইট, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করে।

তিনি জানান, গুরুতর আহত অবস্থায় খোরশেদ আলম সোহেলকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য দুটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ সম্মেলনে তারিন আক্তার অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, কিশোর গ্যাং পরিচালনা এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তার দাবি, অবৈধ দাবি মেনে না নেওয়ায় তার স্বামীর ব্যবসাপ্রতিষ্ঠান দখলের চেষ্টা করা হয়। পরে ‘মবের নাটক সাজিয়ে’ তার ওপর হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, হামলার পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ, ফরেনসিক পরীক্ষা এবং প্রয়োজনে তা প্রকাশের দাবি জানান তিনি। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান।

তারিন আক্তার আরও অভিযোগ করেন, হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন।

ইত্তেফাক/এমএএম