বাগেরহাট-খুলনা মহাসড়কের সদর উপজেলার শ্রীঘাট ফুলবাড়িয়া ব্রিজসংলগ্ন এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক শেখ শাহারিয়ার সৈকত (৩৮) নিহত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত শেখ শাহারিয়ার সৈকত বাগেরহাট সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাগেরহাট থেকে খুলনাগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক সৈকত সড়কে ছিটকে পড়ে মাথা, মুখ ও বুকে গুরুতর আঘাত পান।
খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাকটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যান। পুলিশ ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করেছে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং পলাতক ট্রাকচালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

