সমাধানে আবাহনী এগিয়ে, বসুন্ধরার কিংসের আরও একটি শাস্তি

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১৯:২১

ফিফার সাসপেনশন কতটা ভয়ানক, হাড়ে হাড়ে টের পাচ্ছে দেশের একাধিক ফুটবল ক্লাব। বিশেষ করে আবাহনীর মতো ঐতিহ্যবাহী দল মাথার ওপর থাকা ফিফার সাসপেনশন কাটাতে গিয়ে হিমশিম খাচ্ছে। এমনিতেই আবাহনীর মাথার ওপর এখন ছায়া কমে গেছে। যারা আবাহনী আবাহনী বলে মুখে ফেনা তুলত, তারা দূরে সরে গেছে। আর যারা সত্যিকার অর্থেই আবাহনীকে ভালোবাসে তারাও নানা ভয়ে কাছে আসতে চাইছে না। কখন কি হয় এই আতঙ্ক পিছু টেনে ধরে। 

তারপরও আবাহনী এখনো দেশের ফুটবলে খেলছে। তাদের আছে কোটি কোটি সমর্থক। এবার ফিফার সাসপেনশনে থাকায় তারাও বিপদে ছিল। দুটি সাসপেনশন কাটালেও একটি সমস্যা রয়ে গেছে। সেটিও আজ কেটে যাবে। সমস্যা সমাধান করার প্রক্রিয়া শেষের পথে। সমস্যা হচ্ছে আজই ক্লাব লাইসেন্স সম্পন্ন করার শেষ তারিখ, ৭ আগস্ট। আজকের মধ্যে ক্লাব লাইসেন্স না করতে পারলে লিগে খেলতে পারবে না। খেলোয়াড় রেজিস্ট্রেশন করা যাবে না। ফিফার এসব নিয়ম মেনে চলতে হবে। 

আবাহনী খুব বেশি হলে এক কিংবা দুই দিন বেশি চাইছে। বাফুফে ফিফার সঙ্গে কথা বলে সেটি করতে পারবে কি না, এটা একটা বিষয়। তবে আবাহনী চাইছে সময়টা এক দুই দিন বাড়ানো যায় কি না। তাহলে সমাধান হবে সেটিও প্রায় নিশ্চিত। আবাহনী খেলতে পারবে লিগে সেটি তাদের সঙ্গে কথা বলে বুঝা গেছে। সাসপেনশন উঠে গেলেই ক্লাব লাইসেন্সও হয়ে যাবে, তখনই খেলোয়াড় রেজিস্ট্রেশনের কাজও সেরে নেবে। সময় আছে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।

আবাহনী তাদের প্রক্রিয়ায় এগিয়ে নিলেও বড় ঝামেলায় রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ২৭ আগস্ট ২০২৫ সালে প্রথম সাসপেনশন শুরু হয়। গত বছর ৮টা এবং এ বছর ৪টা সাসপেনশন আসে। এতদিন ১১টা সাসপেনশন ছিল। গত ৫ আগস্ট, মাত্র এক দিন আগে ফিফার আরও একটি সাসপেনশন যোগ হয়েছে। কিংসের নামে মোট ১২টি সাসপেনশন, শ্রুতিমধুর নয়। লজ্জাজনক।

ফিফা আন্তর্জাতিক প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠান থেকে ১২টি সাসপেনশন। বিদেশি কোচ, বিদেশি খেলোয়াড়দের অভিযোগ এগুলো। তারা চুক্তি অনুযায়ী বকেয়া পাননি। না পেয়ে বিরক্ত হয়ে সরাসরি ফিফার কাছে অভিযোগ করেছিলেন। ফিফা সেসব খতিয়ে দেখে অভিযোগ সঠিক কি না। যে ক্লাবের বিরুদ্ধে অভিযোগ তাদের কাছেও ব্যাখ্যা চাওয়া হয়। 

ফিফা সময় দেয়, সুযোগ দেয় সমাধানের। কিন্তু সেটি আমলে না নিলে সাসপেনশনে পড়তে হয়। সেভাবেই একে একে এক ডজন সাসপেনশনের কাঁটা কিংসের গলায় আটকে গেছে। সবগুলো সাসপেনশন না ওঠানো পর্যন্ত বসুন্ধরা কিংসও ক্লাব লাইসেন্স করতে পারবে না। আর যদি এভাবেই পড়ে থাকে তাহলে কিংসও এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে খেলতে পারবে না। বাফুফে সেটি ধরে নিয়ে বিকল্প পরিকল্পনা করে রেখেছে।

ইত্তেফাক/জেডএইচ