সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে সই হওয়া ‘মক্কা চুক্তি’ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন ইরানের এক আইনপ্রণেতা। তিনি দাবি করেছেন, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করলেই সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত হবে না।
শুক্রবার (৭ আগস্ট) সৌদি আরবে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তিটি সই হয়। এতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। আঞ্চলিক নিরাপত্তা ও সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করাই চুক্তিটির অন্যতম প্রধান লক্ষ্য।
চুক্তি সইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই এ নিয়ে প্রতিক্রিয়া জানান ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি সৌদি আরবকে নিজেদের নীতিতে পরিবর্তন আনার পরামর্শ দেন।
ইব্রাহিম রেজাই এক্সে লিখেছেন, 'সৌদিদের অবশ্যই জানা উচিত তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে একটি কাগুজে চুক্তি তাদের নিরাপত্তা দেবে না। যেমনটা যুক্তরাষ্ট্রের সঙ্গে বছরের পর বছর একপাক্ষিক সম্পর্ক তাদের কোনো নিরাপত্তা এনে দেয়নি।'
তিনি আরও বলেন, 'আপনারা (সৌদি আরব) নিজেদের নীতিতে সংস্কার আনুন যেন অন্যদের কাছে নিরাপত্তা ভিক্ষা না চাইতে হয়।'
ইব্রাহিম রেজাই ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য।
সূত্র: মিডল ইস্ট আই
سعودیها باید بدانند که توافق کاغذی با ترکیه و پاکستان برای آنها امنیتآور نیست، همانطور که سالها شیردهی یکطرفه به آمریکاییها برایشان امنیت نیاورد. سیاستهایتان را اصلاح کنید تا نیاز نباشد از دیگران #گدایی_امنیت کنید.
— ابراهیم رضایی (@EbrahimRezaei14) August 7, 2026

