লাইটার জ্বালাতেই ঘরে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০০:১৩

নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) ভোরে বন্দরের মুছাপুর ইউনিয়নের চাঁপাতলি এলাকার সালাউদ্দিনের ভাড়া বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

বর্তমানে দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন—রাজমিস্ত্রী মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) এবং তাদের আট বছরের শিশুসন্তান মারুফ।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সালাউদ্দিনের বাড়ির অবৈধ গ্যাস লাইনের লিকেজ থেকে ভাড়াটে মাইদুলের ঘরে সারারাত গ্যাস জমে ছিল। ভোরে ঘুম থেকে জেগে মাইদুল লাইটার দিয়ে সিগারেট ধরাতে গেলে মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে যাওয়ার পাশাপাশি ওই তিনজন মারাত্মকভাবে দগ্ধ হন। প্রতিবেশীরা তাদের দ্রুত উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসক শাওন বিন রহমান জানান, দগ্ধ তিনজনের অবস্থাই অত্যন্ত সংকটাপন্ন। তাদের মধ্যে মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং শিশু মারুফের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তারা সবাই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনা প্রসঙ্গে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ঘরে গ্যাস জমে থাকার কারণে লাইটার জ্বালানোর সঙ্গে সঙ্গেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ইত্তেফাক/এএম