‘এক দফা’ কোনো নেতার একক ঘোষণা নয়, এটি জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন: নুরুল হক

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০২:৫৯

‘এক দফা’ আন্দোলন কোনো একক ব্যক্তির দেওয়া ঘোষণা নয়, বরং এটি দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি, প্রত্যাশা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন—এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, এক দফার বিষয়টি কোনো ব্যক্তিবিশেষের সিদ্ধান্ত থেকে আসেনি। দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা থেকেই এর উদ্ভব ঘটেছে। এটি জনগণের রাজনৈতিক ও গণতান্ত্রিক চাওয়ার প্রকৃত বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ মন্ত্রী বা এমপি হওয়ার জন্য সরকারের সঙ্গে যায়নি। ক্ষমতা বা পদ-পদবির লোভে নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের বিকাশ এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই দলটি রাজনীতি করে আসছে। এ সময় দেশের তরুণ প্রজন্মকে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনে আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গণমুখী করার তাগিদ দেওয়া হয়।

ইত্তেফাক/এএম