ফুলহাম থেকে ধারে নতুন ঠিকানায় গেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১৩:০৭

ফুলহ্যামের একাডেমি থেকে মূল দলে অভিষেক হয় বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদের। তবে আপাতত একটু নিচের সিঁড়িতে পা রাখতে হচ্ছে ১৯ বছর বয়সী এই ফুটবলারকে। 

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম থেকে ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের দল বোরহাম উডে যোগ দিয়েছেন ফারহান। ২০২৬-২৭ মৌসুমের পুরোটা সময় তিনি হার্টফোর্ডশায়ারের এই ক্লাবেই থাকবেন।

শুক্রবার (৭ আগস্ট) নিজেদের ওয়েবসাইটে ফারহানের এক বছরের জন্য ধারে বোরহাম উডে যাওয়ার খবর নিশ্চিত করেছে ফুলহাম। এই দলবদলের মাধ্যমে প্রথমবারের মতো বয়সভিত্তিক ফুটবলের গণ্ডি পেরিয়ে প্রতিযোগিতামূলক সিনিয়র ফুটবলে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন তিনি।

ফারহানের জন্য এই সুযোগ এসেছে দুর্দান্ত একটি মৌসুম কাটানোর পর। গত মৌসুমে প্রিমিয়ার লিগ ২-এ ফুলহামের অনূর্ধ্ব–২১ দলের হয়ে ২১ ম্যাচে ১৭টি গোলে সরাসরি অবদান রাখেন তিনি। ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে ক্লাবটির অনূর্ধ্ব–২১ দলের বর্ষসেরা খেলোয়াড়ের মনোনয়নও পেয়েছিলেন।

নতুন ঠিকানা বোরহাম উডও সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে রয়েছে। গত মৌসুমে ন্যাশনাল লিগের প্লে-অফ ফাইনালে খেলেছিল দলটি। নতুন মৌসুমে নিজেদের মাঠে ট্যামওয়ার্থের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে তারা। ফলে শুরু থেকেই একাদশে জায়গা করে নেওয়ার সুযোগ থাকবে ফারহানের সামনে।

 

ইত্তেফাক/জেডএইচ