চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত সদস্য ও সাবেক যুবলীগ নেতা ইউসুফ হাজরাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ৯টি মামলার এই আসামিকে শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (৮ আগস্ট) সকালে গ্রেপ্তারকৃত আসামিকে চাঁদপুর বিচারিক হাকিম আদালতে পাঠিয়েছে পুলিশ। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ইউসুফ হাজরা উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। এছাড়া তিনি ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। ইউনিয়ন পরিষদের সভায় দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে সম্প্রতি তাকে মেম্বার পদ থেকে বহিষ্কার করা হয়।
উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল্লাহ প্রধান বলেন, পরিষদে একাধিক সভায় অনুপস্থিত থাকার কারণে বিধিমোতাবেক তাকে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গত ১৫ বছর ধরে এলাকায় দলীয় প্রভাব বিস্তার করে আসছিলেন ইউসুফ হাজরা। এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইতিপূর্বে এসব ঘটনায় তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলাও দায়ের হয়েছিল।
মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, ইউসুফ হাজরার বিরুদ্ধে থানায় মোট ৯টি মামলা রয়েছে, যার মধ্যে ৫টিই মাদকের। একটি মামলায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেছিলেন। সাজাপ্রাপ্ত হয়ে পলাতক থাকায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
ইউসুফ হাজরা চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আচলছিলা, দেলদিয়া ও ধুলিয়াউড়া এলাকা নিয়ে গঠিত ১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য ছিলেন। ৫ আগস্টের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এলাকা ছাড়লেও ইউসুফ হাজরা তার বিরুদ্ধে থাকা পুরনো মামলার সাজা এড়াতে আত্মগোপনে ছিলেন। অবশেষে পুলিশি তৎপরতায় তিনি ধরা পড়লেন।

