হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৮৬৭ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ৭৭৬ জন। এর মধ্যে ৯৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৭৭ জনের।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় হাম ও হামের উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর দুজন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭৬৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ৯৮ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৩৫ হাজার ৩৩২ জনের। একই সময়ে ১৭ হাজার ৪০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৩৭২ জনে।
এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৪৪ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২০০ জন।

