সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার উত্তর কলাউরা গ্রামে প্রেমিক ফয়েজ মিয়ার বাড়িতে বিয়ের দাবিতে তিন দিন ধরে অনশনে বসেছেন মাহমুদা আক্তার নামের তিন সন্তানের এক জননী। তিনি উপজেলার রাঙাউটি গ্রামের সোহেল মিয়ার স্ত্রী।
তবে ঘটনার আকস্মিক মোড় নেয় শনিবার (৮ আগস্ট) দুপুরে, যখন অনশনের খবরে ক্ষিপ্ত হয়ে স্বামী সোহেল মিয়া দুধ দিয়ে গোসল করে স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর কলাউরা গ্রামের ফয়েজ মিয়ার সঙ্গে মাহমুদা আক্তারের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। বিষয়টির সূত্র ধরে পরিবারে অশান্তি ও কোলাহল সৃষ্টি হলে গত মঙ্গলবার রাতে গৃহবধূ মাহমুদা তার তিন সন্তান ও স্বামীকে রেখে ফয়েজের বাড়িতে গিয়ে ওঠেন এবং তাকে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
স্ত্রীর এমন কাণ্ডে ক্ষিপ্ত হয়ে স্বামী সোহেল মিয়া প্রকাশ্যেই দুধ দিয়ে গোসল করেন এবং মাহমুদার সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন বলে ঘোষণা দেন। দুধ দিয়ে গোসল করে বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘটনাটি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা পুরো জেলা জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে।

