জুবিনের শ্রদ্ধায় ২৫ ফুট গামছায় বোনা হলো গান

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৯:২৮

ভারতের জনপ্রিয় প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের শ্রদ্ধায় ২৫ ফুট লম্বা একটি বিশেষ গামছা বুনেছেন ডালিমি লাহন গগৈ নামের এক নারী তাঁতি। গামছাটিতে শিল্পীর জনপ্রিয় ৯টি গানের কলি ও ৯টি স্মরণীয় উক্তি ফুটিয়ে তোলা হয়েছে। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনযায়ী, গত বছরের ১৯ সেপ্টেম্বর এক দুর্ঘটনায় প্রাণ হারান জুবিন গার্গ। প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে তার মৃত্যুর এক মাস পর থেকেই গামছাটি বোনার কাজ শুরু করেন ডালিমি। দীর্ঘ ৫ মাসের পরিশ্রমে এটি তৈরি করেছেন তিনি। 

নিজের শৈল্পিকতার মাধ্যমে জুবিনের স্মৃতিকে বাঁচিয়ে রাখাই ছিল সেই তাঁতির মূল লক্ষ্য। গামছায় বোনা গানগুলোর মধ্যে রয়েছে ‘মায়াবিনী’, ‘অন্ধ আকাশ’, ‘মোমোর শকতি জ্বলে’, ‘দিয়া ঘুরাই দিয়া- সহ আরও বেশ কিছু জনপ্রিয় গান। 

স্যোশাল মিডিয়ায় এই শিল্পকর্মের ছবি ছড়িয়ে পড়লে তা ব্যাপক প্রশংসা কুড়ায়।

এদিকে, জুবিনের মৃত্যুর তিন মাস পর তার স্ত্রী গারিমা ও ছোট বোন পামী বড়ঠাকুর একটি ট্রাস্ট গঠনের ঘোষণা দেন, যার সঙ্গে গায়কের ফ্যান ক্লাবের সদস্যরাও যুক্ত রয়েছেন। পাশাপাশি, আসাম সরকার ও জুবিনের পরিবারের পক্ষ থেকে তাকে সম্মান জানাতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। 

প্রয়াত এই শিল্পীর জীবন ও কর্মকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে মিউজিক্যাল ড্রামা ‘লাভ ইউ জুবিনদা’। 

শ্রী প্রীতমের পরিচালনা, চিত্রনাট্য ও সংগীত পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করছেন মো. ফারুক উদ্দিন। একজন সংগ্রামী গায়ক ও জুবিনের একনিষ্ঠ ভক্তকে কেন্দ্র করে এর গল্প এগিয়েছে। এছাড়া শিল্পীর প্রতি সম্মান জানিয়ে একটি হস্তিশাবকের নামকরণ এবং সম্প্রতি শিলংয়ে আবিষ্কৃত নতুন প্রজাতির একটি ফুলের নাম রাখা হয়েছে; যার নাম ‘হেডিকিয়াম জুবিনগার্জিয়ানাম’।

 

ইত্তেফাক/পিএস