টরন্টো মাতালেন অর্ণব-সুনিধি

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১৩:০০

বাংলা গানের জনপ্রিয় শিল্পী শায়ান চৌধুরী অর্ণব ও তার স্ত্রী, রবীন্দ্রসংগীতশিল্পী সুনিধি নায়েকের জমজমাট কনসার্ট অনুষ্ঠিত হয়েছে কানাডার টরন্টোতে। বাংলাদেশ কানাডা ইভেন্ট ফোরামের আয়োজনে টরন্টো প্যাভিলিয়নে বসেছিল ‘হোক কলরব কানাডা’ শীর্ষক এই গানের আসর।

অর্ণব ও সুনিধির গান প্রবাসী বাঙালিদের জীবনের নানা বর্ণময় মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছে। হারানো দিনের গান, রবীন্দ্রসংগীত থেকে শুরু করে আধুনিক ও আঞ্চলিক গান পরিবেশনের মধ্য দিয়ে তাঁরা ছুটির দিনের সন্ধ্যাটি স্মরণীয় করে তোলেন।

আয়োজনের শুরুতে সংগীত পরিবেশন করে টরন্টোর স্থানীয় জনপ্রিয় ব্যান্ড ‘মানুষ’। এরপর মঞ্চে ওঠেন অর্ণব ও সুনিধি। তাঁদের পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকেরা।

টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা ছিল। তবে বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিছুটা বিলম্ব হয়। পরে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হলে শুরু হয় প্রতীক্ষিত এই সংগীতসন্ধ্যা।

প্রথমবারের মতো আয়োজিত ‘হোক কলরব কানাডা’ অনুষ্ঠানের আয়োজক মীর জুয়েল বলেন, ‘প্রবাসের ব্যস্ত জীবনে বাংলা গান ও সংস্কৃতির আবহে একটি আনন্দময় সন্ধ্যা উপহার দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। আগামীতে আরও সুন্দর অনুষ্ঠান উপহার দিতে চাই।’

ইত্তেফাক/এএইচপি