কারাগারে প্রেমিকের সঙ্গে দেখা করতে ১০টি তাজা গুলি নিয়ে হাজির স্কুলছাত্রী

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১৩:১১

ভারতের উত্তরপ্রদেশের গোন্ডায় জেলে বন্দি প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে এক স্কুলছাত্রী বিপাকে পড়েছে। তার কাছ থেকে ১০টি তাজা গুলি, জাল আধার কার্ড ও নগদ টাকা উদ্ধার করেছে কারা কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) গোন্ডা ডিভিশনাল জেলে এ ঘটনা ঘটে। 

শনিবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জানা গেছে, কারাগারের প্রধান ফটকে নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় ওই কিশোরীর পরিচয় নিয়ে সন্দেহ হয় নিরাপত্তাকর্মীদের।

কারা কর্মকর্তা আফতাব আলম আনসারি জানান, কিশোরী নিজের পরিচয় হিসেবে এমন একটি নাম ব্যবহার করেছিল, যা তার আধার কার্ডে থাকা নামের সঙ্গে মিলছিল না।

এরপর তল্লাশি চালিয়ে তার পকেট থেকে ১০টি তাজা গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি তার কাছ থেকে একটি জাল আধার কার্ড ও নগদ টাকাও পাওয়া যায়।

ঘটনার পর কারাগারের আউটপোস্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ডেকে পাঠানো হয়। পরে ওই কিশোরী ও তার সঙ্গে থাকা ব্যক্তিকে উদ্ধার করা সামগ্রীসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার পর কারাগারের আউটপোস্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ডেকে পাঠানো হয়। পরে ওই কিশোরী ও তার সঙ্গে থাকা ব্যক্তিকে উদ্ধার করা সামগ্রীসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জিজ্ঞাসাবাদে কিশোরী তার আসল পরিচয় প্রকাশ করে। পুলিশের কাছে সে দাবি করেছে, উদ্ধার হওয়া গুলিগুলো তার বাবার বৈধ লাইসেন্সধারী পিস্তলের।

কিশোরীর দাবি, তার বাবা খুব রাগী স্বভাবের। মেয়ের জেলে বন্দি প্রেমিকের সঙ্গে দেখা করতে যাওয়ার বিষয়টি জানতে পারলে তিনি কোনো কঠোর পদক্ষেপ নিতে পারেন; এমন আশঙ্কা থেকেই সে পিস্তলের গুলিগুলো সরিয়ে সঙ্গে নিয়ে এসেছিল।

তবে গুলিগুলো তার কাছে কীভাবে এলো এবং জাল আধার কার্ড ব্যবহারের উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছেন জেল কর্তৃপক্ষ। 

এদিকে ওই কিশোরী আরও এক ব্যক্তির সঙ্গে বন্দি হর্ষু কাশ্যপের সঙ্গে দেখা করতে জেলে এসেছিল বলে জানিয়েছে কারাগার কর্তৃপক্ষ।

 

ইত্তেফাক/এনটিএম