সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিসান প্রদেশে অবস্থিত সৌদি আরামকোর শোধনাগারে রোববার (৯ আগস্ট) ভোরে চালানো হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী।
সৌদি জ্বালানি মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং ঘটনা সংক্রান্ত পরবর্তী প্রক্রিয়াগুলো সম্পন্ন করছে, তবে অগ্নিকাণ্ডের নির্দিষ্ট কোনো কারণ তারা উল্লেখ করেনি। ইয়েমেন সীমান্তের কাছে লোহিত সাগরের তীরে অবস্থিত দৈনিক চার লাখ ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাতকরণ ক্ষমতার এই জিসান শোধনাগারটি পেট্রোল ও ডিজেল তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগে গত ২৭ জুলাই হুতিদের এক হামলায় শোধনাগারটির আইজিসিসি কমপ্লেক্স এবং ট্যাংক ফার্মা এলাকা ক্ষতিগ্রস্ত হলে কারখানাটি বন্ধ করে দেওয়া হয় বলে আইআইআরের এক নোটে প্রকাশ পায়। হুতিরা সে সময় জিসান ও ইয়ানবু এলাকায় আরামকোর বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছিল।
ইয়েমেনে সৌদি আবর অবরোধ সৃষ্টি করেছে এমন অভিযোগ তুলে হুতিরা গত মাসে লোহিত সাগরে সৌদি আরবের ওপর নৌ অবরোধ ঘোষণা করেছিল, যা রিয়াদ পুরোপুরি অস্বীকার করেছে। তবে আরামকোর প্রধান নির্বাহী আমিন নাসের গত সপ্তাহে জানিয়েছেন যে সাম্প্রতিক এসব হামলায় উৎপাদনে সাময়িক ব্যাঘাত ঘটলেও প্রতিষ্ঠানটির সার্বিক পরিচালনা বা আর্থিক খাতে কোনো বড় ধরনের প্রভাব পড়েনি।
সূত্র: জেরুজালেম পোস্ট

