চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৯ আগস্ট) ভোর ৩টার দিকে উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় এ চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ সকাল ১০টার দিকে বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তের ৭০/২-এস সীমান্ত পিলার বরাবর গেট দিয়ে রোববার ভোর ৩টার দিকে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরী ক্যাম্পের সদস্যরা তিনজনকে—একজন পুরুষ ও দুই নারী—বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন।
বাংলাদেশে প্রবেশের আগেই ওই তিনজনকে মাধবখালী বিওপির টহল দলের সদস্যরা দেখতে পান। পরে টহল দল শূন্যরেখা থেকে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দিলে তারা শূন্যরেখা থেকে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেয়।
বিজিবির দৃঢ় অবস্থানের কারণে সকাল ৫টা ২০ মিনিটের দিকে ওই তিনজন ভারতের কাঁটাতারের বেড়ার কাছে ফিরে যায়। পরে সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরী ক্যাম্পের সদস্যরা ৬৮/৫-এস সীমান্ত গেট খুলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি ইতোমধ্যে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে। সীমান্ত সুরক্ষা, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

