মাঠের বাইরে ফুটবল উড়ে গেল সড়কে, ঘটল দুর্ঘটনা

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১৪:৪৩

ফুটবল খেলায় বল মাঠের বাইরে চলে যাওয়া নতুন ঘটনা নয়। কিন্তু সেই বলই যদি পাশের সড়কে গিয়ে গাড়ি দুর্ঘটনার কারণ হয়, তাহলে সেটি যে বেশ অদ্ভুত ঘটনা- তা বলাই যায়।

টি স্পোর্স- এর প্রতিবেদন অনযায়ী, উরুগুয়ের দ্বিতীয় বিভাগের ফুটবল ম্যাচে ঘটেছে এমনই এক ঘটনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুয়ে মন্টেভিদিও ও পায়সান্দুর ম্যাচ চলছিল পার্ক এএনসিএপি স্টেডিয়ামে। ম্যাচের ২৪ মিনিটে স্বাগতিক দলের এক খেলোয়াড় বলটি জোরের সঙ্গে ক্লিয়ার করেন। 

সেই বলটি মাঠের সীমানা পেরিয়ে গিয়ে পড়ে পাশের সড়কে। সড়কটি ছিল শহরের পশ্চিম দিকে অবস্থিত রুট ১। ঠিক তখনই বন্দরমুখী বেশ কয়েকটি গাড়ি সড়ক দিয়ে যাচ্ছিল। 

চলন্ত একটি গাড়ির সামনে আচমকাই এসে পড়ে ফুটবলটি। হুট করেই তা দেখে বলটি এড়ানোর চেষ্টায় নিয়ন্ত্রণ হারান চালক। এরপর সামনে থাকা আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তার গাড়ির। আর পেছন থেকে ধাক্কা দেয় আরও একটি গাড়ি। দেখা দেয় ত্রিমুখী সংঘর্ষ!

সৌভাগ্যক্রমে দুর্ঘটনাটি গুরুতর ছিল না। কেউ আহতও হননি। তবে দুর্ঘটনার কারণে সড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয়। প্রায় ১৫ মিনিট ধরে তৈরি হয় যানজট। পরে দুজন ব্যক্তি দুর্ঘটনাকবলিত পিকআপটি রাস্তার পাশে সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল।

ফুটবল মাঠ থেকে উড়ে যাওয়া একটি বল যে এভাবে মাঠের বাইরের ঘটনায় জড়িয়ে পড়তে পারে, সেটিই হয়ে থাকল ম্যাচটির সবচেয়ে অদ্ভুত ঘটনা।

তবে মাঠের ভেতরে উরুগুয়ে মন্টেভিদিওর জন্য দিনটি ছিল আনন্দের। পায়সান্দুকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে তারা। 

এই জয়ে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে দলটি। শীর্ষে থাকা প্লাজা কোলোনিয়ার চেয়ে তারা পিছিয়ে ৭ পয়েন্টে, যদিও শীর্ষ দলটি একটি ম্যাচ কম খেলেছে।

 

 

 

 

 

 

 

ইত্তেফাক/পিএস