বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, নারী-শিশুসহ আহত ৪

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১৬:৪২

বাগেরহাটের শরণখোলায় একটি বাসের ধাক্কায় আবু হানিফ বেপারী (৭০) নামে এক অটো ভ্যানচালক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন নারী ও শিশুসহ আরও চারজন।

রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ডে ঘটেছে এই ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামে।

আহতরা হলেন ভ্যানের যাত্রী সুরমা বেগম (৩৫), তানভীর (১৩) মো. হানিফ (৪০) ও হাফিজ (৪৫)। আহতদের শরণখোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা রজন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধ ভ্যানচালক সকালে তার ভ্যানে করে তারই গ্রামের চার যাত্রীকে ঢাকাগামী বাসে তুলে দেওয়ার জন্য রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ডে নিয়ে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে আসা একটি যাত্রবাহী বাস রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ডে আসে। গাড়িটি পার্কিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের যাত্রীবোঝাই ভ্যানে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ভ্যানচালকসহ পাঁচজন। এ সময় পথচারীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ভ্যানচালক হানিফকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. লাবনী বলেন, একজনকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়। আহত বাকি চারজন গুরুতর জখম হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শরণখোলা থানার ওসি রোকেয়া খানম জানান, নিহত ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

ইত্তেফাক/এপি