চাঁপাইনবাবগঞ্জে বিচারকের বিরুদ্ধে বিক্ষোভ, আদালতে ভাঙচুর

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১৭:৪৮

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আদালতের এজলাসে সরকারের সমালোচনা করার অভিযোগে এক যুগ্ম জেলা ও দায়রা জজের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বিক্ষোভের একপর্যায়ে আদালতের বিভিন্ন সরঞ্জাম ও এজলাস কক্ষে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় ভবনের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ মো. উজ্জল হোসেনকে প্রত্যাহারের দাবি জানানো হয়। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন বিক্ষোভকারীরা।

জেলা ছাত্রদলের সভাপতি ফজলে আজিম মিম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা একটি মামলায় হাজিরা দিতে দলের নেতাকর্মীরা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে যান। সেখানে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বিচারক মো. উজ্জল হোসেন সরকারের সমালোচনা করেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, এ ঘটনার পর আদালত থেকে বের হয়ে নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন। পরে বিক্ষোভকারীরা বিচারককে প্রত্যাহারের দাবি জানান।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব বাবর আলী বিচারক মো. উজ্জল হোসেনকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে বলেন, ৭২ ঘণ্টার মধ্যে তাকে প্রত্যাহার করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে বিক্ষোভের সময় আদালতের বিভিন্ন সরঞ্জাম ও এজলাস কক্ষে ভাঙচুরের অভিযোগ উঠেছে। পরে ঘটনাস্থলে পুলিশ যায়।

তবে বিচারক মো. উজ্জল হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।

ছাত্রদল নেতাকর্মীদের আইনজীবী রফিকুল ইসলাম টিপু বলেন, আদালত থেকে বের হওয়ার পর তারা বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে আসে।

ইত্তেফাক/এমএএম