কেউ কেউ মাত্র ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১৮:১৪

কেউ কেউ ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল হয়ে আছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন, জুলাইয়ের চেতনা ও কৃতিত্ব নিয়ে একেকজন একেক ধরনের বয়ান দিচ্ছেন। যারা জুলাইয়ের চেতনা বিক্রি করছেন, তাদের শিক্ষা হওয়া উচিত।

রোববার (৯ আগস্ট) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাইয়ে চিকিৎসকদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, অনেকে জুলাইকে ৩৬ দিনের আন্দোলন হিসেবে তুলে ধরছেন। কিন্তু জুলাই গণঅভ্যুত্থান ১৭ বছরের আন্দোলনের ফসল। এই আন্দোলনের কৃতিত্ব নিয়ে একেকজন একেক ধরনের বয়ান দিচ্ছেন।

তিনি আরও বলেন, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে চক্রান্তমূলকভাবে রাষ্ট্রপতি ও বিদেশি অতিথিদের সামনে দেশকে কলঙ্কিত করা হয়েছে। ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে বিভাজন তৈরি হলে মৌলবাদীরা এর সুযোগ নেবে বলেও সতর্ক করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের গাফিলতির সমালোচনা করে আহমেদ আযম খান বলেন, হাজার হাজার জুলাই যোদ্ধা এখনো গেজেটের অন্তর্ভুক্ত হননি।

মন্ত্রী জানান, গত ১৭ বছরের আন্দোলনে যারা গুম ও খুনের শিকার হয়েছেন, তাঁদের জন্য শিগগিরই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নতুন একটি অধিদপ্তর চালু করা হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

 
ইত্তেফাক/এসএ