অস্ট্রেলিয়ার কথা বলে কাজাখস্তানে নিয়ে নির্যাতন, গ্রেপ্তার ১

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ২০:৫৪

ঢাকার কেরানীগঞ্জ থেকে মানব পাচার মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। অস্ট্রেলিয়ায় ওয়ার্ক পারমিটসহ পাঠানোর কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ১২ লাখ টাকা নেওয়ার পর তাকে কাজাখস্তানের একটি দালালচক্রের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে গ্রেপ্তার মো. কাইয়ুমের (৪৬) বিরুদ্ধে।

রোববার (৯ আগস্ট)  দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) তপন সরকার এ তথ্য জানান।

গ্রেপ্তার কাইয়ুম দক্ষিণ কেরানীগঞ্জের মুসলিমনগর এলাকার শামসুদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, মামলার বাদী ওই নারী ও কাইয়ুম পূর্বপরিচিত। ২০২৪ সালের ১৭ ডিসেম্বর কাইয়ুম বাদীর বাড়িতে গিয়ে তার স্বামী জুয়েল রানাকে এক বছরের মধ্যে ওয়ার্ক পারমিটসহ অস্ট্রেলিয়ায় পাঠানোর আশ্বাস দেন। এ জন্য ১২ লাখ টাকা খরচ হবে বলে জানান তিনি। কাইয়ুমের কথায় আশ্বস্ত হয়ে বাদী ও তার স্বামী বিভিন্ন সময়ে নগদ ও ব্যাংকের মাধ্যমে তাকে ১২ লাখ টাকা দেন। পরে কাইয়ুম ও তার সহযোগীরা জুয়েল রানাকে অস্ট্রেলিয়ায় না পাঠিয়ে কাজাখস্তানের একটি দালালচক্রের কাছে বিক্রি করে দেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় জুয়েল রানার স্ত্রী যশোরের বাঘারপাড়া থানায় অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে গত ৬ এপ্রিল বাঘারপাড়া থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারে র‍্যাব-১০ এর সহযোগিতা চান। এর পরিপ্রেক্ষিতে র‍্যাব-১০ এর লালবাগ ক্যাম্পের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে কাইয়ুমের অবস্থান শনাক্ত করে। পরবর্তী সময়ে গত শনিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ ব্রিজের মোড়সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাইয়ুমকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এপি