দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে এবং সন্তানের জন্য প্রতিটি বিষয়ে গৃহশিক্ষক দেওয়ার একধরনের সামাজিক মানসিকতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশ্বের অনেক উন্নত দেশেও একই ধরনের প্রবণতা দেখা যায় উল্লেখ করে তিনি বলেন, এ অবস্থার পরিবর্তন প্রয়োজন।
রোববার (৯ আগস্ট ২০২৬) রাজধানীর বনানীতে ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
এ সময় নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, তাঁর দুই কন্যা সন্তানের জন্যও প্রতিটি বিষয়ে আলাদা আলাদা গৃহশিক্ষক রয়েছে। তবে বর্তমান সরকারের আমলেই শিক্ষাব্যবস্থায় ব্যাপক ইতিবাচক পরিবর্তনের আশ্বাস দেন তিনি।
প্রাথমিক শিক্ষার উন্নয়নে নতুন পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, শিশুদের খেলায় খেলায় বিজ্ঞান শেখাতে প্রাথমিকের পাঠ্যক্রমে 'সায়েন্স টয়' যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে 'ম্যাথ ল্যাব' চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে নানা উপকরণের সাহায্যে শিক্ষার্থীদের আকার, আকৃতি, যোগ, বিয়োগ, গুণ ও ভাগের মতো গণিতের মৌলিক বিষয়গুলো সহজে শেখানো হবে।

