এনকাউন্টারে পুলিশ, সুযোগে পাশের দোকান থেকে ৮ লাখ টাকার মোবাইল চুরি

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ২৩:১২

পুলিশ ব্যস্ত ছিল দুই অপরাধীর সঙ্গে এনকাউন্টারে। আর সেই সুযোগেই মাত্র ৪০০ মিটার দূরের একটি মোবাইলের দোকানে ঢুকে প্রায় ৬ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ টাকা) মূল্যের মোবাইল ফোন ও ২০ হাজার রুপি নগদসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে পালালো এক চোর। ঘটনাটি ঘটেছে ভারতের গাজিয়াবাদের। 

মির্জাপুর চকের নূর মসজিদের কাছে হাজি ইলিয়াসের মার্কেটে একটি মোবাইলের দোকান পরিচালনা করতেন স্থানীয় বাসিন্দা হাজি শামি। শনিবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। পরদিন সকালে দোকানে গিয়ে দেখেন শাটারের তালা ভাঙা এবং ভেতরের মূল্যবান সব মালামাল হাওয়া।

এরপর বিষয়টি জানাজানি হলে সামনে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। চুরির সময়ে ঘটনা স্থান থেকে মাত্র ৪০০ মিটার দূরে গাজিয়াবাদ পুলিশ দুই অপরাধীর সঙ্গে বন্দুকযুদ্ধে ব্যস্ত ছিল। ধারণা করা হচ্ছে, পুলিশের এই ব্যস্ততার সুযোগটিকেই চোর কাজে লাগিয়েছে।

দোকানের সিসিটিভি ক্যামেরায় এক ব্যক্তির মোবাইল ফোন ও নগদ অর্থ চুরি করার দৃশ্য ধরা পড়লেও তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরকে শনাক্ত করা ও মালামাল উদ্ধারে তদন্ত শুরু করেছে।

সূত্র- এনডিটিভি

 
ইত্তেফাক/এমএসআর