ফুটবলারদের ‘খেপ’ খেলার প্রমাণ পেলে ব্যবস্থা নেবে বাফুফে 

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৯:৫০

নেই জাতীয় দলের ব্যস্ততা। নতুন মৌসুম শুরুর আগে তাই অবসর সময় কাটাচ্ছেন ফুটবলাররা। তবে এই অবসর সময়ে জেলা কিংবা স্থানীয় পর্যায়ের নানা টুর্নামেন্টে ‘খেপ’ খেলছেন জাতীয় দলের ফুটবলারদের। যার ছবি ও ভিডিও ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।  

জাতীয় দলের খেলোয়াড়দের এভাবে খেপ খেলতে যাওয়ার বিষয়টি এবার গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, এমন ঘটনায় সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৯ আগস্ট) বাফুফে ভবনে সাংবাদিকদের তাবিথ আউয়াল বলেন ‘এ রকম বিষয় আমাদের সামনে এলে গুরুত্ব দিয়ে দেখবো। সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

তিনি আরও বলেন, ‘জাতীয় দলের ও ক্লাবের খেলোয়াড়েরা অন্য কোথাও খেলছে, এমন কোনো অভিযোগ আমাদের কাছে কেউ দেয়নি। এই জায়গায় এসে আমি অগ্রিম কোনো মন্তব্য করতে চাইছি না। আমরা প্রসেসটা ফলো করতে চাই।’

তবে ফুটবলারদের খেপ খেলার বিষয়ে অভিযোগ না পেলে নিজ থেকে তদন্ত করা হবে না বলেও জানান বাফুফে প্রধান। তিনি বলেন, ‘অভিযোগ যতক্ষণ না আসে, আমরা নিজ থেকে কোনো অভিযোগ খুঁজবো না। তবে আমি বিশ্বাস করি, সব খেলোয়াড় তার অবস্থান বোঝে, ক্যারিয়ার বোঝে। অনেক খেলোয়াড় আছে নিয়ম ভেঙেছে, অনেকে জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েও যোগ দেয়নি। কিন্তু আমরা খুঁজে খুঁজে কাউকে দোষী সাব্যস্ত করবো না।’

ইত্তেফাক/জেডএইচ