প্রিয় বাবাকে চিরবিদায় জানালেন মেসি

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১১:৩৭

বাবার হাত ধরেই ফুটবল জগতের চূড়ায় উঠেছিলেন লিওনেল মেসি। জীবনের প্রতিটি পদক্ষেপে প্রিয় বাবাকে পাশে পেয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। সেই বাবাকে চিরবিদায় জানালেন লিওনেল মেসি।

বাবার মৃত্যুর খবর পেয়েই শনিবার (৮ আগস্ট) গভীর রাতে মায়ামি থেকে ব্যক্তিগত বিমানে স্ত্রী অ্যান্তেনেল্লা রোকুচ্ছো ও সন্তানদের নিয়ে নিজ দেশ আর্জেন্টিনায় পৌঁছান আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। 

রোববার (১০ আগস্ট) গভীর শোক আর শ্রদ্ধায় রোজারিওর কাছে পেরেজ শহরের একটি কবরস্থানে হোর্হে মেসির শেষকৃত্য সম্পন্ন হয়। লিওনেল মেসির এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিলেন আর্জেন্টিনা দলের কয়েকজন সতীর্থও।

কবরস্থানের গেটে ভক্তদের হাতে লেখা বার্তা ঝুলছিল—‘শক্ত হও লিও, আমরা তোমার সঙ্গে আছি’। পাশে শোভা পাচ্ছিল অজস্র ফুলের তোড়া।

পারিবারিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানানো না হলেও স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন  হোর্হে মেসি। গত জুন মাসের বিশ্বকাপে তার অনুপস্থিতি নিয়ে অনেকেই গুঞ্জন শুরু করেছিলেন। সে সময় পরিবার থেকে গণমাধ্যমের কাছে একটু সহানুভূতি ও নীরবতা প্রার্থনা করা হয়।

ইত্তেফাক/জেডএইচ