রোনালদোর বিয়ের গুজবে গির্জায় ভিড়, বিয়ে হলো অন্য দম্পতির 

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১১:৫৪

দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করবেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, ভেন্যুও জানা। এমন খবর শুনে পর্তুগালের মাদেইরার ফুনশালের ক্যাথেড্রালের সামনে জড়ো হন শত শত মানুষ। এরপর বর-কনে এলেন ঠিকই, তবে তারা রোনালদো ও জর্জিনা নন! 

শনিবার (৮ আগস্ট) স্থানীয় সময় বিকালে ফুনশাল ক্যাথেড্রালের সামনে জড়ো হওয়া মানুষ অপেক্ষায় ছিলেন রোনালদোকে একঝলক দেখার জন্য। ইউরোপের কয়েকটি সংবাদমাধ্যমে রোনালদো ও জর্জিনার বিয়ের তারিখ ও স্থান নিয়ে খবর প্রকাশের পরই এই ভিড়। শেষ পর্যন্ত তাদের হতাশই হতে হয়েছে।

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ

সেদিন ক্যাথেড্রালে বিয়ে করেছেন নিকোল ও ফাবিও নামের দুজন। নিকোলের প্রবেশের সময় রাস্তার দুই পাশে ভিড় করে ছিলেন শত শত কৌতূহলী মানুষ। তবে কনে দেখে তাদের ভুল ভাঙে।

বিষয়টি পরে নিশ্চিত করেছে ফুনশাল ক্যাথেড্রালও। সামাজিক যোগাযোগমাধ্যমে নিকোল ও ফাবিওকে অভিনন্দন জানিয়ে দেওয়া এক পোস্টে তারা লিখেছে, রোনালদোকে ঘিরে তৈরি হওয়া গুঞ্জনে বাইরে অনেক সাংবাদিক ও পর্যটকের ভিড় হয়েছিল।

আরেক পোস্টে ক্যাথেড্রাল কর্তৃপক্ষ জানিয়েছে, এমন পরিস্থিতি তারা আগে কখনো দেখেনি। এত মানুষের ভিড়ের কারণে নিকোলের জন্য গির্জায় ঢোকাই কঠিন হয়ে পড়েছিল।

গুজবটির সূত্র অবশ্য বেশ জোরালোই ছিল। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান সম্প্রতি খবর প্রকাশ করে, শনিবার মাদেইরায় রোনালদো ও জর্জিনার বিয়ে হবে। শুধু তারিখ বা স্থান নয়, বিয়ের সময়, ফুনশালের স্যাভয় প্যালেসে অনুষ্ঠান এবং অতিথিদের সম্ভাব্য তালিকা নিয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছিল। আরও কিছু গণমাধ্যম এই খবর দিয়েছিল। কিন্তু বাস্তবে দেখা গেল, পুরোটাই গুজব।

রোনালদো নিজেও বিষয়টি নিয়ে বেশ মজা করেছেন। মাদেইরার একটি সংবাদমাধ্যমের ইনস্টাগ্রামে প্রকাশিত ক্যাথেড্রালের বাইরের ভিড়ের ছবি দেখে হাসির ইমোজি দিয়েছেন আল নাসর তারকা।

ইত্তেফাক/জেডএইচ