ফিলিপাইনে বন্যা-ভূমিধসে মৃত্যু ১২, নিখোঁজ ৮

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৩:৫২

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এবং ক্রান্তীয় ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর জোড়া প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ফিলিপাইনে অন্তত ১২ জনের মৃত্যু এবং ৮ জন নিখোঁজ রয়েছেন। 

সিভিল ডিফেন্স দপ্তরের সহকারী সচিব লরেন্স মিনা জানিয়েছেন, সোমবার (১০ আগস্ট) সকাল পর্যন্ত পাওয়া হিসাবে এসব ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। পাহাড় ধস, গাছ ভেঙে পড়া, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এবং পানিতে ডুবে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে বলে তিনি জানান।

জিএমএ নিউজ অনলাইনের বরাতে জানা গেছে, দেশের ৯টি অঞ্চল ও ৩৩টি প্রদেশের প্রায় ৫ লাখ ৮৬ হাজার মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন। রিজিওন ১, ৩, ক্যালাবারজোন এবং মিমারোপায় ৪ হাজার ৮৬৬ জনকে সতর্কতামূলকভাবে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্যোগের কারণে ইতোমধ্যেই ৩২ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। তারা বর্তমানে বিভিন্ন আশ্রয়কেন্দ্র অথবা তাদের আত্মীয়স্বজনদের বাড়িতে অবস্থান করছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

ইত্তেফাক/টিএইচ