গোবিন্দগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৪:১২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় লাইজু (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার ফাঁসিতলা এলাকার একটি পরিত্যক্ত ফ্লাওয়ার মিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত লাইজু উপজেলার কামারদহ ইউনিয়নের ফেলুকাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ফাঁসিতলা এলাকার একটি পরিত্যক্ত ফ্লাওয়ার মিলে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, ‘মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

ইত্তেফাক/এএইচপি