গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ

স্ত্রী-সন্তানকে হারিয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন মাইদুল

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৫:৪৯

নারায়ণগঞ্জের বন্দরে একটি বাসায় লাইনের লিকেজ থেকে জমা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ নারী বিউটিও মারা গেছেন।

সোমবার (১০ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, বিউটির শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে শনিবার দুপুরে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিউটির ৮ বছর বয়সী শিশু সন্তান মারুফ। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানান চিকিৎসক।

স্ত্রী ও সন্তানের মৃত্যু হলেও একই হাসপাতালে শরীরের ৮৫ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন আছেন রাজমিস্ত্রি মাইদুল। ২৪ বছর বয়সী এ ব্যক্তিরও অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ডা. শাওন বিন রহমান।

গত শুক্রবার সকালে বন্দরের কুড়িপাড়া চাপাতলী এলাকার একটি ভাড়া বাসায় বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হন এ পরিবারের তিন সদস্য।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৃত বিউটি ও তার পরিবারের গ্রামের বাড়ি নাটোরে। কাজের সন্ধানে প্রায় এক বছর আগে তারা নারায়ণগঞ্জের বন্দরে এসে কুড়িপাড়া-চাপাতলী এলাকায় একটি টিনের ঘর ভাড়া নেন।

ঘটনার দিন প্রাথমিক তদন্তের বরাতে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, টিনের ভাড়াবাড়িতে থাকতেন পরিবারটি। তাদের ঘরের পাশেই রান্নাঘর। রান্নাঘরে তিতাসের গ্যাসের লাইনের লিকেজ থেকে ঘরের ভেতর জমা গ্যাস থেকে এ বিস্ফোরণ ঘটে।

ইত্তেফাক/এপি