থানার ভেতরে পুলিশ পরিদর্শককে থাপ্পড়, কৃষক দল নেতা গ্রেপ্তার

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৭:৫৫

দিনাজপুরে কোতোয়ালী থানার ভেতরেই সিআইডি পুলিশ পরিদর্শকের গালে থাপ্পড়, গালিগালাজ ও হুমকি দেয়ার অভিযোগ উঠেছে মজিবর রহমান মজিব (৫৬) নামে জাতীয়তাবাদী কৃষকদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তাকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ।

রোববার (৯ আগস্ট) রাতে কোতোয়ালী থানায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে ওই পুলিশ সদস্য বাদী হয়ে মজিবর রহমানসহ অজ্ঞাতনামা দুইজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

মজিবর রহমান দিনাজপুর জেলা কৃষক দলের সদস্যসচিব ও স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা। তিনি একটি ইজিবাইক গ্যারেজের মালিক ও বালুয়াডাঙ্গা শ্রমিক ইউনিয়নের সদস্য।

অন্যদিকে পুলিশ সদস্যের নাম নওয়াবুর রহমান। তিনি দিনাজপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত আছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, একটি হত্যা মামলার নথিপত্র সংগ্রহ ও আগের তদন্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করতে রোববার দিবাগত রাতে কোতোয়ালী থানায় যান পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমান। তিনি তখন সিভিল পোশাকে ছিলেন।

প্রায় একই সময়ে থানার ওসি সঙ্গে সাক্ষাতের জন্য যান মজিবর রহমান। ওসি সেই সময় থানায় ছিলেন না। ওসির কক্ষের সামনে মজিবর রহমান পুলিশ সদস্য নওয়াবুরকে ওসির অবস্থান সম্পর্কে জিজ্ঞেস করেন, ‘কোথায় আছেন’ জানতে চান। এ সময় নওয়াবুর রহমান নিজেকে এই থানার পুলিশ নয়, সিআইডির পুলিশ হিসেবে পরিচয় দেন। এসময় মজিবের সঙ্গে থাকা একজন নওয়াবুরকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। নওয়াবুর গালিগালাজের প্রতিবাদ করলে মজিবর রহমান তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা দুজনের উসকানিতে পুলিশ পরিদর্শক নওয়াবুরের ডান গালে সজোরে থাপ্পড় মারেন। এসময় তাকে হুমকিও দেন মজিবর। পরে থানায় কর্তব্যরত অন্য পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং মজিবরকে আটক করে থানায় রাখেন।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নূর নবী জানান, থানায় মামলার তদন্তে আসা সিআইডি পুলিশের পরিদর্শকের গায়ে হাত দেওয়ার অভিযোগে তাৎক্ষণিকভাবে মজিবর রহমান মজিব নামে একজনকে আটক করা হয়েছে। পরে ওই পুলিশ সদস্য বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

ইত্তেফাক/এপি