তথ্যমন্ত্রীর বাড়িতে মার্কিন রাষ্ট্রদূতের মধ্যাহ্নভোজ

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১০:২৭

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বরিশাল সফরের দ্বিতীয় দিনে সোমবার (১০ আগস্ট) তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের গৌরনদীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন। তথ্যমন্ত্রীর ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, কূটনৈতিক ব্যস্ততা ও আনুষ্ঠানিকতার বাইরে এ আয়োজন বরিশালের স্থানীয় সংস্কৃতি, মানুষ ও ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের আন্তরিক পরিচয়ের সুযোগ তৈরি করে। মধ্যাহ্নভোজের আগে তিনি তথ্যমন্ত্রীর বাড়ির আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন।

মধ্যাহ্নভোজে বরিশালের ঐতিহ্যবাহী বিভিন্ন পদ পরিবেশন করা হয়। মেনুতে ছিল ইলিশ, আইড়সহ বিভিন্ন ধরনের মাছ, নানা রকম ভর্তা-ভাজি এবং গ্রামবাংলার দেশীয় খাবার।

মিষ্টান্ন হিসেবে পরিবেশন করা হয় গৌরনদীর বিখ্যাত শচীন ঘোষের রসমালাই, দধিসহ বিভিন্ন ঐতিহ্যবাহী মিষ্টি।

তথ্যমন্ত্রীর পোস্টে বলা হয়, স্থানীয় খাবারের বৈচিত্র্য ও বরিশালের আতিথেয়তার মধ্য দিয়ে মধ্যাহ্নভোজটি মার্কিন রাষ্ট্রদূতের জন্য একটি বিশেষ সাংস্কৃতিক অভিজ্ঞতায় পরিণত হয়।

ইত্তেফাক/আইএ