বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেওয়া সেই নোভিদ পেলো জিপিএ-৫

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১৩:১০

বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সেই সাদিক হোসেন নোভিদ এবার জিপিএ-৫ পেয়েছে। মায়ের মৃত্যুর এক বছর পর বাবাকেও হারিয়ে শোকাহত নোভিদ জীবনের কঠিনতম সময় পেরিয়ে এই সাফল্য অর্জন করেছে।

মাদারগঞ্জ উপজেলার পলিশা উচ্চবিদ্যালয়ের প্রয়াত সহকারী শিক্ষক ও শরীরচর্চা শিক্ষক সুজা উদ্দিন সুজার একমাত্র ছেলে নোভিদ। গত ২০ মে ছিল তার এসএসসি পরীক্ষার প্রথম দিন। ওই দিন সকাল ৮টার দিকে মারা যান তার বাবা। একদিকে বাবাকে হারানোর শোক, অন্যদিকে জীবনের প্রথম এসএসসি পরীক্ষা—এমন কঠিন পরিস্থিতিতেও বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেয় নোভিদ।

বাবাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে সবগুলো পরীক্ষা দেয় সে। ফল প্রকাশের পর দেখা যায়, নোভিদ জিপিএ-৫ অর্জন করেছে।

সাফল্য পাওয়ার পরও বাবার স্মৃতি ভুলতে পারেনি নোভিদ। বাবাকে কাছে পেলে এই সাফল্যে তিনি সবচেয়ে বেশি খুশি হতেন—এমনটাই মনে করছে সে।

পলিশা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছামিউল ইসলাম বলেন, ‘নোভিদ আমাদের প্রয়াত শরীরচর্চা শিক্ষক সুজা উদ্দিন সুজার ছেলে। তার মা এক বছর আগে মারা গেছেন। এরপর গত ২০ মে তার বাবাও মারা যান। এত বড় শোকের মধ্যেও বাবার লাশ বাড়িতে রেখে সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে। আমরা তাকে নিয়ে গর্বিত।’

তিনি আরও বলেন, ‘আমরা নোভিদের ভবিষ্যৎ সাফল্য কামনা করি। সে যেন তার বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে পারে। স্কুল কর্তৃপক্ষ সবসময় তার পাশে থেকে সহযোগিতা করবে।’

ইত্তেফাক/এএইচপি